নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায়  আলাদা এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিএসএফ সদস্যরা সোনাডাঙা সীমান্ত দিয়ে একই পরিবারের চার সদস্যকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করে বাধা দেয়। একই সময়ে জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা দিয়ে আরও তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বর্তমানে ওই সাতজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, বিএসএফের অপচেষ্টা টের পাওয়ার পরপরই বিজিবির সতর্ক ও কড়া নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে কোনোভাবেই কাউকে অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, শূন্যরেখায় অবস্থানরত সাতজনকে পুনরায় ভারতে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।