ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত পথে যেন কোনো ‘অবৈধ বা বিতর্কিত ব্যক্তি’ বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, ডিসেম্বরে কোনো অবৈধ ও বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারেন, পাশাপাশি পুশইন, মাদক এবং অস্ত্র-বিস্ফোরক যেন না আসতে পারে—সে লক্ষ্য নিয়ে সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছেন তিনি। সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও এসব অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, স্থানীয় মানুষের কাছে অনেক তথ্য থাকে। কারও যাতায়াত বা অনুপ্রবেশের বিষয়ে কোনো তথ্য পেলে তা বিজিবিকে জানাতে অনুরোধ করেন তিনি। তথ্য পেলে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবি প্রধান।
এ সময় বিজিবির ঊর্ধ্বতন ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
