চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে বিপুল জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে গোপন খবরে জেলার শিবগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকার মুকিম মার্কেটে যৌথ অভিযান চালায় সিপিসি (এসআরবি-৫, রাজশাহী) এবং সিপিসি-১ (এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ)-এর একটি দল। আভিযানিক দলটি জানতে পারে, মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছেন। এই তথ্যের সত্যতা যাচাই করে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরে শনিবার (২৪ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় এসআরবি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পার দিলালপুর গ্রামের মো. বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মো. মানিক (৩৮) এবং চাঁদ শিকারী গ্রামের মো. ইউসুফ আলী (৫০)।
এসআরবি জানায়, অভিযানকালে আসামিদের কাছ থেকে পাঁচ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মুঠোফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি।