জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেলো বাইসাইকেল

নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি নারী শিক্ষার প্রসার, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বগুড়ায় ৫৪৮ জন মেধাবী নারী শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ১০২টি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জানান, নারী শিক্ষার বিস্তার ও সুরক্ষায় সারাদেশে পর্যায়ক্রমে নারী শিক্ষার্থীদের মাঝে এভাবে বাইসাইকেল বিতরণ করা হবে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নারী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সহজ ও নিরাপদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে যাতায়াতের অসুবিধার কারণে ছাত্রীদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসা বাধাগ্রস্ত হয়। বাইসাইকেল তাদের যাতায়াতের কষ্ট কমানোর পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে। একই সঙ্গে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বিগত সময়েও ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদযাপিত হয়েছে। নারী শিক্ষার প্রসার, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রধানমন্ত্রীকন্যার জন্মদিনে দেওয়া এই বাইসাইকেল শিক্ষার্থীদের চলার পথের সঙ্গী হবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠান শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কাউকে মনোনয়ন দেবে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আব্দুস সালাম নির্বাচনে অংশ নিলে তাকে সমর্থন দেওয়ার কথা বলেছিলাম। আমার বক্তব্যে মনোনয়ন দেওয়ার বিষয়টি ছিলো না। অথচ বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রচার করা হয়নি। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলার ১০২টি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।