চাঁপাইনবাবগঞ্জের বালুর ভেতরে পুঁতে রাখা লুঙ্গিতে মোড়ানো অবস্থায় জীবিত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি বাগানের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তার পাশে দুই শিশু খেলাধুলা করার সময় বালুর মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পায়। এ সময় সেখান দিয়ে যাওয়া মো. ইব্রাহিম আলী নামের এক ব্যক্তি দুই শিশুর কাছ থেকে বিষয়টি জানতে পারেন। ইব্রাহিম আলী ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে একটি লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ফুটফুটে নবজাতককে দেখতে পান এবং শিশুটির কান্নার শব্দ শুনতে পান।
পরে তিনি তাৎক্ষণিকভাবে রাস্তার পাশের বাসিন্দা মো. গোলাপ হোসেনকে বিষয়টি জানান। পরে গোলাপ হোসেনসহ স্থানীয়রা এগিয়ে এসে বালুর ভেতর থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।
নবজাতকটিকে উদ্ধারের পর দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছে। বর্তমানে শিশুটি উদ্ধারকারী গোলাপ হোসেনের হেফাজতে রাখা হয়েছে।
তবে কে বা কারা সদ্যভূমিষ্ঠ এই কন্যাশিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, জালমাছমারী এলাকা থেকে এক নবজাতক শিশু উদ্ধারের বিষয়টি তিনি শুনেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর রাখছেন। আইনি ও সামাজিক প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।