নাটোর ও রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু শুক্রবার

রাষ্ট্রায়ত্ত চলমান ১০টি চিনিকলের মধ্যে নাটোর ও রাজশাহী চিনিকলের চলতি (২০২৬-২৭) মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুক্রবার (১৩ নভেম্বর) শুরু হচ্ছে।

এদিন বিকেল সাড়ে তিনটায় নাটোর চিনিকলের মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ, নাটোর সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আখলাছুর রহমানসহ মিলের শ্রমিক, কর্মচারী, আখচাষী ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নাটোর জেলা সদরের রাষ্ট্রায়ত্ত একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান নাটোর চিনিকল। মিল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ দশমিক ৭০ শতাংশ চিনি আহরণ হারে (রিকোভারি রেট) পাঁচ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার মিলটি টানা ৬৫ দিন চালানোর আশা করছেন সংশ্লিষ্টরা। এর আগে গত ২০২৫-২৬ মৌসুমে ৯৫ হাজার ১৩৩ মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ দশমিক ৫৫ শতাংশ আহরণ হারে পাঁচ হাজার ২৮৬ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছিলো।

চিনি ও খাদ্য শিল্প করপোরেশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত অন্য চিনিকলগুলোর মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা সুগার মিলস আগামী ২৭ নভেম্বর এবং ঠাকুরগাঁও সুগার মিলস চার ডিসেম্বর থেকে মাড়াই কার্যক্রম শুরু করবে।

এছাড়া বাকি চারটি চিনিকল—জয়পুরহাট সুগার মিলস, চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ), ঝিনাইদহের নলডাঙ্গায় অবস্থিত মোবারকগঞ্জ সুগার মিলস এবং ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলস আগামী ১৮ ডিসেম্বর থেকে আখ মাড়াই শুরু করবে। এর আগে গত ৩০ অক্টোবর নাটোরের লালপুরে অবস্থিত নর্থবেঙ্গল সুগার মিলসের মাড়াই কার্যক্রম শুরু হয়।