চাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি (৪৫) ও তাঁর মেয়ে লিমু খাতুন (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির সামনে দোকানের গেট খুলতে গিয়ে নিরাপত্তার জন্য স্থাপিত লোহার রডে হাত দেন মিলি। এ সময় রডটি বিদ্যুতায়িত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে মেয়ে লিমু তাঁকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টা ৪৫ মিনিটে দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।