চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর পাল্টা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রদল। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে মনাকষা বাজারে ছাত্রলীগের মিছিলের পর ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, বিনোদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এর পরপরই নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করে ছাত্রদল। মিছিলটি কানসাট হয়ে বিনোদপুর ও মনাকষা অতিক্রম করে শিবগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, মনাকষা ইউনিয়নের নয়ন বাজারে দুলালের দোকানের সামনে পাকা সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বুদ্ধু মিয়া নামে এক পথচারী আহত হন।
আহত বুদ্ধু মিয়া শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মৃত ইয়াসিন আলীর ছেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বলেন, ‘একটি ঝটিকা মিছিলের কথা শুনেছি। ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন বলেও জেনেছি। তবে ঘটনাস্থল এলাকায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
