পঞ্চগড়ে দেখা মিলছে দৃষ্টিনন্দন মোহনীয় কাঞ্চনজঙ্ঘার। জেলার বিভিন্ন স্থান থেকে ভোর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ মায়াবী দৃশ্য। আর এ দৃশ্য দেখতে দিনভর তেঁতুলিয়ায় পর্যটকের ঢল নেমেছে। উপজেলা প্রশাসন থেকেও পর্যটকদের নিরাপত্তাসহ সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রতি বছর হেমন্তকালে কুয়াশা ও মেঘমুক্ত আকাশে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা যায় হিমালয় পর্বতের শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এবারও নভেম্বরের শুরু থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপ।
কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুবান্ধব নিয়ে আসছেন তেঁতুলিয়ায়।
সীমান্ত নদী মহানন্দার পাড়ে জেলা প্রশাসনের ডাকবাংলোসহ বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখা যায়। সকালে রূপালী রঙ-এ ধরা দেয়া কাঞ্চনজঙ্ঘার রূপ বদলে যায় বিকেলে।
এদিকে পর্যটকদের আনাগোনা বাড়ায় তাদের সেবা দিতে তৎপর স্থানীয় প্রশাসন। কোনভাবেই পর্যটকরা যেন প্রতারণার শিকার না হয় সে ব্যাপারে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি বলেন, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছি। এই মৌসুমে পর্যটকরা বেশি আসে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে ভারতের সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।