নীলফামারীর ডোমারে রেললাইনের ফিসপ্লেটের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এলাকাবাসীর প্রতিরোধে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোগরা প্রধানপাড়া দোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডোমার-চিলাহাটি রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
এলাকাবাসী জানায়, বুধবার রাতে ওই এলাকায় রেললাইনে লোহালক্করের শব্দ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে এলাকাবাসী দেখতে পায় একদল দুর্বৃত্ত রেললাইনের ফিসপ্লেট থেকে ক্লিপ খুলে নিচ্ছে। এরপর এলাকাবাসী জোটবদ্ধ হয়ে তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পরপরই চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এসময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকশত লোকজন উপস্থিত ছিলেন। তারা সবাই বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যায়। এতে করে বড় দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়।
বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন জানান, এলাকাবাসীর ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৭২টি ফিসপ্লেটের ক্লিপ উদ্ধার হয়। এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত করলে প্রায় দেড় ঘণ্টা পর খুলনার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।
নীলফামারীর স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন জানান, লাইন মেরামতের পর প্রায় দেড় ঘণ্টা দেরিতে ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিও দেড় ঘণ্টা ডোমার স্টেশনে আটকা পড়েছিল।
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাফিজুর রহমান জানান, তারা এখানে আসার পর এলাকাবাসী ট্রেনটি দাঁড় করায়। তারপর তারা রেললাইনের ফিসপ্লেটের ক্লিপ খুলে ফেলার কথা জানায়। লাইন মেরামতের পর সর্তকতার সঙ্গে ধীরে ধীরে ট্রেনটি ওই এলাকা পার হয়।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন রেললাইনের ৭২টি ফিসপ্লেট খোলার চেষ্টা হয়েছে। রেললাইনের নিরাপত্তা জোরদার করার জন্য রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
এর আগে, বুধবার গাজীপুরের ভাওয়ালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের একটি অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। ওই পথে যাওয়ার সময় মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ওই দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।