কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ঠাঁটমারী বধ্যভূমি এলাকার পার্শ্ববর্তী রেলসেতুর ওপরের রেলপথের কিছু হুক ও বোল্ট খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়, মঙ্গলবার কুড়িগ্রাম-রংপুর রেলপথের ঠাঁটমারী বধ্যভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর ওপরের স্লিপারের নাট কে বা কারা খুলে নিয়ে যায়। রেলওয়ের লোকজন বিষয়টি দেখতে পেয়ে কুড়িগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টারকে খবর দেন। পরে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রেলপথ সংস্কার করেন।
কুড়িগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. শামসুজ্জোহা জানান, কুড়িগ্রাম-রংপুর রেলপথের হারিয়ে যাওয়া নাটগুলোর স্থলে নতুন নাট বসানো হয়েছে। এখন এই লাইনে রেল চলাচলে কোনো সমস্যা নেই।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাট-বল্টু হারিয়ে যাওয়ার বিষয়টির সঙ্গে নাশকতা সৃষ্টির কোনো সম্পর্ক নেই বলে রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছেন।
নাটগুলো কেউ চুরি করে নিয়েছে এবং রেল চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে রেল বিভাগ কাজ করেছে বলেও জানান পুলিশ সুপার।