হিলিতে দশটি খড়ের গাদায় দুর্বৃত্তদের আগুন

দিনাজপুরের হিলিতে ১০টি খড়ের গাদায় একযোগে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে হাকিমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা থেকে আরও দুইটি ইউনিট এসে অংশগ্রহণ করে।

শুক্রবার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের রিকাবি গ্রামে রাত ১০টার দিকে কে বা কারা খড়ের গাদাগুলোতে একসাথে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পায় গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি।

হাকিমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান জানান, নাশকতা ঘটাতেই দুর্বৃত্তরা গ্রামের ১০টি খড়ের গাদায় একযোগে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।