নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে পিতা-পুত্র নিহত 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঘন কুয়াশার কারণে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পিতা পুত্রের মৃত্যু হয়েছে। রোববার সকালে ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও শহিদুলের ছেলে বিপ্লব (২৫)।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বিপ্লব হাসান ও তার বাবা সকালে ভুরুঙ্গামারী থেকে কচাকাটার বাড়িতে আসার সময় পাটেশ্বরী এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি নসিমনের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।