গাইবান্ধার গোবিন্দগঞ্জ সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার বিকেলে ধর্মপুর বাজারে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের পাশে ওই দুই ব্যবসায়ী মাছ বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার ধর্মপুর গ্রামের মহেন্দ্র চন্দ্রের ছেলে হরেন চন্দ্র (৪৫) ও একই এলাকার নরেন চন্দ্রের ছেলে প্রতাপ চন্দ্র (৩০)।
আহতরা হলেন, বিজয় চন্দ্র, গোপাল চন্দ্র, মোহাম্মদ তোহা ও আজিজার।
পুলিশ জানায়, বিকেলে সড়কের পাশে মাছ বিক্রির সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ছয়জনকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই দুইজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, চালক পালালেও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। কারের চালক পালিয়ে গেছেন। তাকে আটক করা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত কারটি থানায় নিয়ে যাওয়া হচ্ছে।