ঠাকুরগাঁওয়ে একটি মোটরসাইকেলে অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহের আলী (৭০) সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে সালন্দরের দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সাহের আলী। সদর উপজেলার সালন্দর ডেনিস মোড় এবং মানবকল্যাণ ও গ্রামীণ চক্ষু হাসপাতালের মাঝামাঝি স্থানে অপরদিক হতে আসা একটি অজ্ঞাত ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতক ট্রাকটিকে শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।