নীলফামারীতে রেললাইনের ফিসপ্লেটের স্লিপার ক্লিপ খোলার সময় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীরা। এ সময় তাদের কাছে ১৬টি ফিসপ্লেটের স্লিপার ক্লিপ, ক্লিপ খোলার যন্ত্রাংশ এবং একটি হাতুড়ি জব্দ করা হয়েছে।
সোমবার মধ্যরাতে জেলা সদর উপজেলার সোনারায় ইউনিয়নের খয়রাতনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন ৩৪২ নং রেলসেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে মঙ্গলবার বিকেলে বিষয়টি জানান সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এম. নুরুল ইসলাম।
আটক হলেন, সোনারায় ইউনিয়নের জয়চন্ডী পুটিহাট এলাকার আল আমিন এবং একই ইউনিয়নের উত্তর মুসরত কুখাপাড়া এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে বেলাল।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি নুরুল ইসলাম জানান, রেললাইনের ফিসপ্লেটের স্লিপার ক্লিপ খোলার শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে ওই দুই যুবককে হাতেনাতে আটক করে। পরে থানায় খবর দিয়ে ওই দুই যুবককে পুলিশে সোপর্দ করে।
তিনি বলেন, নাশকতা নাকি চুরি তা নিশ্চিত হতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গেলো বছরের ১৪ ডিসেম্বর নীলফামারীর ডোমারে নাশকতার উদ্দেশে রেললাইনের ফিসপ্লেটের স্লিপার ক্লিপ খোলার সময় স্থানীয়দের ধাওয়ার মুখে কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে গিয়েছিল।