পঞ্চগড়ে চাওয়াই নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চাওয়াই নদীর চৈতন্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলমি আক্তার (১২) ও ইসরাত জাহান সিফাত (৯)।
নিহত আলমি ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে এবং ইসরাত সাইফুল ইসলামের মেয়ে। তারা দু’জন সম্পর্কে ফুফু-ভাতিজি।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের চাওয়াই নদীতে গোসল করতে যায় আলমি, সিফাত ও জান্নাতুন। এসময় ইসরাত পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে এগিয়ে যায় আলমি। পরে তারা দু’জনই ডুবে যায়।
এসময় তাদের সাথে থাকা জান্নাতুন বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু জানান, পুলিশ মরদেহ দুটির প্রাথমিক সুরতহাল করেছে। কারো কোনো অভিযোগ না থাকায় দেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।