ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। স্থানীয়দের ভাষ্য, একদল চোরা কারবারি সীমান্ত টপকে অবৈধভাবে গরু আনতে গিয়ে এ ঘটনা ঘটে।

শুক্রবার ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতের ১৫২ বা তিনগাঁও মেইন পিলারের ৩৭৬/৫ কাছে এ ঘটনা ঘটে।

নিহতের নাম  মো. রাজু (২৫)। তিনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালি ফতেহপুর মালদাইয়া পাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া জানান, ভোরে অন্তত ১০ জনের একটি দল ওই এলাকা দিয়ে চোরাই পথে ভারতীয় গরু আনতে যায়। এসময় বিএসএফের গুলিতে রাজু নিহত হন। তাদের ভাষ্য, ওই দলটি চোরাকারবারের সঙ্গে জড়িত। 

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, আমরা বিষয়টি শুনেছি। তবে এখনও নিশ্চিত হতে পারেনি নিহত যুবক কোন দেশের নাগরিক। এব্যাপারে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। মিটিংয়ে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, আমরা ঘটনা জেনেছি। মরদেহ আনার প্রক্রিয়া চলছে।