সীমান্তে ফেলানির মতো আর কাউকে কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চাই না। এমন হত্যাকাণ্ড আর চাই না। যদি আজকের পর থেকে এমন কোনো ঘটনা ঘটে তাহলে তার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি হবে, সেটিও হবে ছাত্র-জনতার মতামতের ওপর ভিত্তি করে। আমাদের চারপাশে যে সীমান্ত রয়েছে, এই সীমান্তে আমার একজন নিরপরাধ ভাই-বোনকে আমরা আর ওই ফেলানির মত ঝুলে থাকতে দেখতে চাই না।
তিনি বলেন, যদি আর এমন কোনো ঘটনা ঘটে, তাহলে হয় তার উপযুক্ত বিচার করতে হবে। না হলে বাংলাদেশের ছাত্র-জনতা বিজিবি থেকে শুরু করে যারা যারা সম্ভব, তারা সবাই মিলে কিভাবে ওই রাষ্ট্রগুলোকে জবাব দিতে হয়, সেটি দেখিয়ে দিতে হবে।
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক দুই সংসদ সদস্য দবিরুল ইসলাম তার এলাকায় পরিবারতন্ত্র কায়েম করেছেন জানিয়ে সারজিস বলেন, এই আসনে মেম্বার থেকে সংসদ সদস্য- সবাই এক পরিবারের। সব জায়গায় তার পরিবারের সদস্য। এসব করে অনেকের জায়গা-জমি দখল করে নিয়েছেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সজিব ভূঁইয়া, জহির রায়হান ও আবু সাঈদ স্বপনসহ অন্যরা।