গাইবান্ধায় ট্রাক চাপায় শিশুসহ ইজিবাইকের তিন যাত্রী নিহত

গাইবান্ধায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ইজিবাইক থাকা এক শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর দুইটার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের মৌসুমী তেলের পাম্পের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেরে ও পিয়ারাপুর মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম (৫৫) একই ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের গনী মণ্ডলের ছেলে নুরুন্নবী মণ্ডল (৫০), সবুজ মিয়ার ১৯ মাসের শিশু কন্যা সায়মা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় গোবিন্দগঞ্জ গামী একটি ইজিবাইক একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়ায় পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।