কুড়িগ্রামে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয় লেখা ব্যানার টাঙানো হয়। পরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি আবারও ভাঙচুর করে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জেলা শহরের শাপলা চত্বর সংলগ্ন আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে সাতটার দিকে কয়েকজন যুবক পরিত্যক্ত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা কার্যালয় নামের একটি ব্যানার টানিয়ে দেয়। এসময় তারা দলীয় স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পুরে দুপুরে পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানোর প্রতিবাদে বৈছাআ’র নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ ও প্রতিবাদ করেন এবং পরিত্যক্ত কার্যালয়টি আবারও ভাঙচুর করেন। এসময় তারা সেখানে একটি বিনামূল্যে ব্যবহারের জন্য শৌচারগার নির্মাণের ঘোষণা দেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সিনিয়র সদস্য সচিব সাজ্জাদ হোসাইন বলেন, আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না। তাদের এই ভাঙা কার্যালয় আমরা উচ্ছেদ করেছি। এখানে জনগণের জন্য দ্রুত ফ্রি শৌচাগার নির্মাণ করা হবে।
২০২৪ সালের পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কার্যালয়ে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। ১৮ মাস পর আজ হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানো ঘিরে এলাকায় নতুন করে আলোচনা চলছে।
এ বিষয়ে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা বলেন, বিষয়টি সকালে জানার পর জেলা পুলিশের শহরে টহল জোরদার করা হয়েছে। দ্রত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।