পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভূটানের সঙ্গে টানা ১১ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।
বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ১০ মার্চ বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ছুটির বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ মার্চ ২০২৬ তারিখে সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ১৭ মার্চ মঙ্গলবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কর্তৃক সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
ঈদের ছুটি শেষে আগামী শনিবার (২৮ মার্চ) থেকে বন্দরে পুনরায় যথারীতি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই সময়ে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।