ঘোড়াঘাটে ট্রাকচাপায় বাইক আরোহী তিন কিশোর নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলের তিন আরোহীর কারও মাথায় হেলমেট ছিলো না বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন—ঘোড়াঘাট উপজেলার নূরপুর গ্রামের মোশারফের ছেলে আলামিন (১৫), মগলিশপুর গ্রামের সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনি গ্রামের সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)। 

স্থানীয়রা জানান, সকালে আলামিন, সৈকত ও কাইয়ুম মোটরসাইকেলযোগে লোকাল রোড থেকে রানীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে পাকা রাস্তার ওপর উঠছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী (বিরামপুরগামী) একটি মালবাহী বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আরোহীরা ছিটকে রাস্তার ওপর পড়ে যান।

ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয় বাসিন্দা ও পুলিশ গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে ঘোড়াঘাট (ওসমানপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে সেটিকে আটক করা হয়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ঢাকা মেট্রো ট-২৪-২৫৫৯ নম্বরের মালবাহী ট্রাক এবং মোটরসাইকেলটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে এবং ঘোড়াঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।