মগডালে পতাকা টাঙাতে গিয়ে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসে উদ্ধার

গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী পৌরশহরের বৈরিহরিনমারী গ্রামে এ ঘটনা ঘটে।

ওই যুবকের শামীম (৩০)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।

স্থানীয়রা জানান, ২০২৬ ফুটবল বিশ্বকাপ উন্মাদনাকে ঘিরে নিজ সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙানোর জন্য সকালে কদম গাছে ওঠেন শামীম। গাছের মগডালে পতাকা বাঁধার সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং একপর্যায়ে ভারসাম্য হারিয়ে গাছের ওপরেই অজ্ঞান হয়ে পড়েন। শামীমকে গাছের ডালে অচেতন অবস্থায় ঝুলে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা গাছে উঠে অজ্ঞান অবস্থায় থাকা শামীমকে অক্ষত ও নিরাপদে নিচে নামিয়ে আনে। পরে তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিকে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে পতাকা টাঙানোর প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। বিশেষ করে উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও বহুতল ভবনের ছাদে উঠে ঝুঁকিপূর্ণভাবে পতাকা লাগানোর সময় প্রায়ই নানা দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও ওপর থেকে পড়ে বেশ কয়েকজন যুবক আহত এবং মৃত্যুর মুখোমুখি হয়েছেন।

নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাময়িক অসতর্কতা বড়ো ধরনের ট্র্যাজেডির কারণ হতে পারে। তাই ফুটবল উন্মাদনার মধ্যেও শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে তবেই পতাকা টাঙানোর অনুরোধ করা হয়েছে।