পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার বোদা উপজেলায় গত শুক্র ও শনিবার প্রথমে ছয় বছর বয়সী এক শিশুকে এবং পরে রোববার পাঁচ বছর বয়সী এক শিশুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বোদা থানায় আলাদা দুটি মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৪৫)।
এজাহারে বলা হয়, ভুক্তভোগী শিশু দুটি অভিযুক্ত আমিনুল ইসলামকে সম্পর্কগত কারণে ‘দাদু’ বলে ডাকতো। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা মাঝেমধ্যে আমিনুলের বাড়িতে খেলতে যেতো। ধর্ষণের পর বিষয়টি কাউকে না বলার জন্য শিশুদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
পারিবার জানায়, শিশু দুটি ঘটনাটি পরিবারে জানানোর পর তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান এবং উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৩ জুলাই) তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাছুদ হাসান প্রথম বলেন, পরীক্ষা-নিরীক্ষায় তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। শিশু দুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বোদা থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পাওয়ার পরপরই আমরা রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছি। এই ঘটনায় থানায় দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে।