শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য’ শীর্ষক সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা ইতিমধ্যে মাদকবিরোধী অভিযান শুরু করেছি। সবাইকে ঐক্যবদ্ধ করে মাদকের বিরুদ্ধে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমাদের মতে এটি ছাড়া বিকল্প কোনো উপায় নেই। কেবল আইন প্রয়োগ করে বা শাস্তি নিশ্চিত করে মাদককে পুরোপুরি নির্মূল করা কঠিন।
মাদকের ভয়াবহতা তুলে ধরার ওপর জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, আমাদের মূল কাজ হচ্ছে ব্যাপক প্রচার চালানো। মাদক যে একটি মারাত্মক ও ক্ষতিকর জিনিস, তা সাধারণ মানুষের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে। ঠাকুরগাঁওয়ে আমরা মাদক নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নিতে যাচ্ছি, তার মাধ্যমে ইতিবাচক ফল আসবে বলে বিশ্বাস করি। এ ব্যাপারে সংবাদকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানাচ্ছি।
জেলা প্রশাসন আয়োজিত এই সচেতনতামূলক সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।