ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে পথচারী আবুল হোসেন (৬০) এবং বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি এলাকার দেলাওয়ার হোসাইনের ছেলে মোটরসাইকেল আরোহী অর্নব ইসলাম (১৩)। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক নিরব ইসলাম (১৬) সদর উপজেলার চামেশ্বরী এলাকার নুর আলমের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যার কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে বালিয়াডাঙ্গীর দিক থেকে একটি মোটরসাইকেল ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলো। নেংড়ীহাট এলাকায় আবুল হোসেন নামের এক পথচারী রাস্তা পার হওয়ার সময় দ্রুগতির মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ও আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী অর্নব ইসলামের মৃত্যু হয়। চালক নিরব ইসলামের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে পাঠানো হয়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ শাজাহান আলী জানান, দুর্ঘটনায় পথচারী ও এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহতের সুরতহাল প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।