জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
শনিবার (১৫ আগস্ট) ভোরে জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকা থেকে এক মরদেহসহ অপর যুবককে উদ্ধার করা হয়।
নিহতের নাম বাদশ (২৭) এবং আহতের নাম মাজেদুল ইসলাম (২২) বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ভোরে ওই এলাকায় রাস্তার ওপরে তাদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে ক্ষেতলাল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
আহত মাজেদুল জানান, শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়। পরে রাত ১১টার দিকে পদ্মপুকুর এলাকায় এনে দুইজনের হাত-পা বেঁধে আনুমানিক ৯ জন মিলে তাদের ওপর অমানুষিক নির্যাতন ও মারধর চালায়। পিটুনির একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। ভোরে জ্ঞান ফিরলে পাশে বাদশার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি। আহত যুবক হামলাকারীদের নাম জানাতে না পারলেও সামনে দেখলে চিনতে পারবেন বলে জানিয়েছেন।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম জানান, আহত মাজেদুলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নিহত বাদশার মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে ইতিমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে।