ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো ক্ষোভের আগুন দাউদাউ করে জ্বলে উঠলো শারদীয় উৎসবের আলোঝলমলে এক পূজামণ্ডপ প্রাঙ্গণে। প্রাক্তন স্ত্রীর ‘বর্তমান’ স্বামীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করলো ক্ষুব্ধ এক যুবক।
ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলার কুঠিবাড়ি বাগদিপাড়া গ্রামের পূজামণ্ডপ এলাকায়। কুপিয়ে জখম হওয়া তুলসি রায় (৪০) বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুঠিবাড়ি গ্রামের পান্না রায়ের ছেলে বাবু রায় ও একই গ্রামের তুলসি রায় এক সময় ছিলেন পরম বন্ধু। বন্ধুর প্রতি অগাধ বিশ্বাসের সুবাদে একে অপরের বাড়িতে আসা- যাওয়া ছিল একদম অবাধ। কিন্তু সেই সুযোগেই ঘটে বিপত্তি!
বন্ধুত্বের আড়ালে বাবু রায়ের স্ত্রীর সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তুলসি। প্রেমানল এতটাই গড়ায় যে, প্রায় এক বছর আগে বন্ধুকে ফাঁকি দিয়ে তাঁর স্ত্রীকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন তুলসি। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক ও পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা করা হলেও ক্ষোভের আগুন নিভেনি বাবু রায়ের বুক থেকে।
সেই প্রতিশোধের সুযোগ মিললো দুর্গোৎসবের মহাষ্টমীর রাতে। রোববারে পূজামণ্ডপের আলোকসজ্জা আর ঢাকের বাদ্যের মাঝেই নিজের সাবেক স্ত্রীর বর্তমান স্বামী তুলসিকে একা পেয়ে ঝাঁপিয়ে পড়েন বাবু। এলোপাতাড়ি ছুরিকাঘাতে মণ্ডপ প্রাঙ্গণেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন তুলসি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এটি মূলত সাবেক স্ত্রীর নতুন স্বামীকে প্রতিশোধবশত ছুরিকাঘাত করার ঘটনা। অভিযুক্ত বাবু রায়কে গ্রেপ্তারে অভিযান চলছে এবং লিখিত অভিযোগ পেলেই আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।