গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক পাকাকরণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের সত্যতা মেলায় সহকারী প্রকৌশলীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তবে এক সপ্তাহেও অপসারণ করা হয়নি ব্যবহৃত নিম্নমানের খোয়া ও ইট। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, উপজেলার সাত নম্বর ইদিলপুর ইউনিয়নের কাঁঠাল লক্ষ্মীপুর থেকে রাঘবেন্দ্রপুর হয়ে ধাপেরহাটমুখী ছয় নম্বর সীমানা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পাকাকরণ কাজ চলছিলো। এতে নিম্নমানের খোয়া ও নিম্নমানের ইট দিয়ে এজিংয়ের কাজ করার অভিযোগ ওঠে।
এ সংক্রান্ত এক অনুসন্ধানী প্রতিবেদন একাত্তর টেলিভিশনে প্রচারের পর গত দুই নভেম্বর সরেজমিনে সড়কটি পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। পরিদর্শনকালে ব্যবহৃত খোয়াকে ‘দুই-তিন নম্বর মানের’ বলে মন্তব্য করেন এবং নির্মাণসামগ্রীর মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এদিকে, অনিয়মের ঘটনার জেরে রোববার (৮ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামের পক্ষে নির্বাহী প্রকৌশলী (প্রশাসন) স্বাক্ষরিত এক আদেশে সাদুল্লাপুর উপজেলা সহকারী প্রকৌশলী মেনাজকে লালমনিরহাটের হাতীবান্ধায় স্ট্যান্ড রিলিজ করা হয়।
তবে সংসদ সদস্যের পরিদর্শনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এবং সহকারী প্রকৌশলী স্ট্যান্ড রিলিজ হলেও সড়ক থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী না সরানোয় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন ভূমিকায় প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, অনিয়ম ঢাকা দিতে সহকারী প্রকৌশলীকে বদলি করা হলেও মূল সমস্যার কোনো সমাধান হয়নি। নিম্নমানের খোয়া ও এজিংয়ের ইট অপসারণ না করেই কাজ শেষ করা হলে সরকারি বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সড়কটি অল্প কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। দ্রুত মানসম্মত ইট-খোয়া ব্যবহার করে মানসম্মত উপায়ে সড়কের নির্মাণকাজ সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন তারা।