গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর ব্যবস্থা নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সড়ক থেকে নির্ধারিত মানের বাইরে থাকা নিম্নমানের খোয়া অপসারণ করে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের জন্য ঠিকাদারকে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠি সূত্রে জানা যায়, গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ধাপেরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত সড়ক উন্নয়নকাজ চলছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা সড়কটি পরিদর্শন করেন। এ সময় সড়কের ভিত্তি স্তরে নির্ধারিত কারিগরি বিবরণী অনুযায়ী নির্মাণসামগ্রীর মান বজায় না রাখার প্রমাণ পান তারা। নমুনা পরীক্ষাতেও নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী নিম্নমানের বলে উঠে আসে।