হবিগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, সাত প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার কর্তৃক আলু, ডিম ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিলেও মানছেন না পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। ফলে বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে হবিগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। 

সোমবার দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকায় র‌্যাব-৯ এর একটি দলের সমন্বয়ে এ অভিযান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

এসময় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে আলু ও ডিম বিক্রির অপরাধে ছয়জন আলু ব্যবসায়ী ও একজন ডিমের আড়ৎদারসহ মোট সাতজনকে ৪৬ হাজার ৫০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, ব্যবসায়ীরা সঠিকভাবে ভাউচার সংগ্রহ করছেন না এবং অনেকাংশে ক্রেতাদেরও ভাউচার দিচ্ছেন না। অতিরিক্ত দামে আলু ও ডিম বিক্রির অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার ৫০০ হাজার টাকা জরিমানা করা হয়।