সুনামগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত, আহত চার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাকিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রীসহ দুইজন নিহত ও আরও দুই ছাত্রীসহ চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সুনামগঞ্জ-দিরাই সড়কের পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী দিরাই উপজেলার শরিফপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে তাউহিয়া আক্তার (১৩) এবং অটোচালক শান্তিগঞ্জ উপজেলার পাগলা হোসেনপুর গ্রামের ইমরান হোসেন (২০)। 

আহতরা হলেন একই স্কুলের ছাত্রী ফাতেমা আক্তার, সোনারা বেগমসহ অটোরিকশার অপর দুই যাত্রী তালেব আলী ও মক্তছর আলী। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, সকালে পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিরাইগামী যাত্রীবাহী সাকিন বাসের সঙ্গে সুনামগঞ্জমুখী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। 

পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। সবার সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।