জামালপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীসহ মোট চার জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও আট মাস বয়সী শিশুসন্তান রয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলার মেলান্দহ উপজেলায় জামালপুর-মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩), তাদের আট মাস বয়সী কন্যাসন্তান রিফা এবং মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে মেলান্দহ থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিলো। পথে বৈঠামারী বুরুঙ্গা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয় এবং একই সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোরশেদ আলম, তার স্ত্রী ও শিশুসন্তান নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখনের মৃত্যু হয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এ টি এম মাহমুদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
