সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে লঙ্কাকাণ্ড, ৭ পুলিশসহ আহত অর্ধশত

হবিগঞ্জের ধুলিয়াখালে সিগারেটের ধোঁয়া নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে গেছে। সংঘর্ষে জড়িয়েছে  দুপক্ষ। এতে সাত পুলিশসহ প্রায় অর্ধশত আহত হয়েছে।

সংঘর্ষের সময় ভাঙা হয়েছে একটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যান। এছাড়া বেশ কিছু দোকানপাটেও ভাঙচুর চালানো হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, বৃহস্পতিবার রাতে ধুলিয়াখাল এলাকার দুই যুবকের মধ্যে সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। সেখানে জড়ো হয়ে যায় দুই যুবকের পক্ষের লোকজন।

এক পর্যায়ে তাদের কথা কাটাকাটি গড়ায় সংঘর্ষে। দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

কিন্তু পুলিশের উপস্থিতিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থেকে যায়। তখন রাবার বুলেট ও টিয়ার গ্যাসের সেল ছোঁড়া শুরু করে পুলিশ। ধোঁয়ায় চোখমুখ অন্ধকার হয়ে যাওয়ায় রণে ভঙ্গ দেয় দুপক্ষ।

ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর অবস্থায় কয়েকজনকে পাঠানো হয়েছে সিলেট মেডিকেলে।

এলাকার থমথমে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।