হত্যাকাণ্ডের ২১ বছর পর ৭ জনের ফাঁসির রায়

হবিগঞ্জ সদর উপজেলার হুরগাও গ্রামের ব্যবসায়ী হারুন আহমদ হত্যা মামলার ২১ বছর পর রায় হয়েছে।

মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক এ রায় প্রদান করেন। রায়ে ৭ জনকে ফাঁসির আদেশ ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৪ ফেব্রয়ারী পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন হারুন আহমদকে কুপিয়ে হত্যা করে। এ ব্যপারে নিহত হারুন আহমদ এর ছোট ভাই সুমন আহমদ বাদী হয়ে হবিগঞ্জ সদরর থানায় ৪৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে একই বছর আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামীদের উপস্থিতিতে আজ এ রায় প্রদান করেন। 

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জালাল মিয়া, মিলন আহমদ, কাজল মিয়া, কুতুব উদ্দিন, রফিক মিয়া, জাকির হোসেন ও আব্বাস উদ্দিন।

এই রায়ে নিহতের ছেলে রাহাত আহমেদ সন্তোষ প্রকাশ করেন এবং রায় দ্রুত কার্যকরের দাবি জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ জানান, বিজ্ঞ বিচারক যে রায় প্রদান করেছেন তা সন্তোষজনক।