সিলেটে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জেলার ওসমানী নগর উপজেলার ইলাশপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেলের চালক উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে নাজমুল ইসলাম (৩২) এবং উমরপুর বাজার এলাকার বাসিন্দা আরশ আলী।
স্থানীয়রা জানান, বিকেলে গোয়ালাবাজার থেকে সিলেটে উদ্দেশে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন নাজমুল ও আরশ আলী। ওই এলাকায় এলে পেছন থেকে আসা ঢাকা এক্সপ্রেস নামের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নাজমুল ইসলাম মারা যান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আরশ আলীকে আহত অবস্থা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান বলেন, ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে।