হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
বুধবার (৩ মে) দুপুরে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২ মে) বিকেলে কাশিপুর গ্রামে স্থানীয় যুবকদের দুটি দলের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দল ২-০ গোলে হেরে যাওয়ার পর ধারাভাষ্যকার মাইকে ফলাফল ঘোষণা করেন। এই ঘোষণাকে কেন্দ্র করে খেলা শেষেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সে সময় স্থানীয় মুরুব্বিরা বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করে দেন।
তবে সেই ঘটনার জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন গ্রামেই আবারও বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে দুপুরে দুই পক্ষের শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন।
সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় হাসপাতালে লোকারণ্য হয়ে যায়। পরিস্থিতি সামলাতে সেখানে পুলিশ অবস্থান করে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক জানান, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের তৎপরতায় বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।