২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের সব মন্ত্রণালয়ের খবর রাখলেও নিজের মন্ত্রণালয়ের কোনো খবর রাখছেন না। ফলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন একেবারেই ভালো নয়।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর যে মারাত্মক প্রভাব পড়েছে, সরকার তা স্বীকার করতে চাইছে না। এতে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠছে।
মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সঙ্কট নিয়ে জামায়াত আমির বলেন, অন্য যেকোনো দেশের মতো রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং মানবিক দিক বিবেচনায় রেখে তাদের স্বাভাবিক চলাফেরার বিষয়টি বিবেচনা করা উচিত। তিনি মনে করেন, মানুষ হিসেবে তাদেরও মৌলিক কিছু অধিকার রয়েছে।
এর আগে বিকেলে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের ‘অ্যাক্রিডিটেশন সেরেমনি’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডা. শফিকুর রহমান। সেখানে প্রদত্ত বক্তব্যে তিনি দেশের সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।