মৌলভীবাজারে শাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে আলোচিত শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আরও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হকের আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের এপ্রিল মাসে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের লইয়াকূল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাবানা বেগম নিহত হন। এ ঘটনার পর নিহতের ভাই হেলাল মিয়া বাদি হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় মোট ১৪ জন আসামির মধ্যে বিচার চলাকালে তিনজনের স্বাভাবিক মৃত্যু হয়। চূড়ান্ত শুনানি শেষে আদালত চারজনকে মৃত্যুদণ্ড, দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেন।

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মতিন বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।