অর্থনীতি বিকাশের বড়ো অন্তরায় অস্থিতিশীলতা ও অস্থিরতা: বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পাশাপাশি স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেটের নাইওরপুলের হোটেল ফরচুন গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘সামাজিক সম্প্রীতি, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনীতি বিকাশের বড়ো অন্তরায় অস্থিতিশীলতা ও অস্থিরতা। স্বাভাবিক ও স্থিতিশীল পরিবেশ বজায় না থাকলে অর্থনৈতিক অগ্রগতির ধারা বাধাগ্রস্ত হয়।

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, শ্রমিকদের অসন্তোষের পেছনে কোনো যৌক্তিক কারণ ছিল না। সরকার ঘটনার পরপরই মজুরি বোর্ড গঠন করেছে এবং আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, এই অসন্তোষের পেছনে স্বাভাবিক কারণের বাইরে অন্য কোনো কার্যকারণ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখবে। তবে এ ধরনের অস্থিরতার কারণে অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়লেও তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের ইমাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।