হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ডাক বিভাগের গাড়ির সজোরে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের কামারুজ্জামানের ছেলে আবুল কালাম আজাদ (২৮), একই এলাকার মৃত খাইরুদ্দিনের ছেলে গাড়িচালক মৃত জসিম (৪০) এবং মাইনুদ্দিন মিয়ার ছেলে মেইল ক্যারিয়ার মো. মজনু মিয়া (৫৪)। নিহতদের মধ্যে একজন গাড়িচালক, একজন মেইল ক্যারিয়ার ও চালকের এক ভাগনে রয়েছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী ডাক বিভাগের গাড়িটি কায়সারনগর এলাকায় পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।