গাজীপুরের কালিয়াকৈরে ফ্লাইওভারের ওপর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে (ফ্লাইওভার) এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি পেছনে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতদের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও তাঁদের বয়স আনুমানিক ৩৫, ৩০ ও ৮ বছর। হাইওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, নিহত তিনজন একই পরিবারের সদস্য- স্বামী, স্ত্রী এবং তাদের সন্তান।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সফিপুর ফ্লাইওভারে উঠলে একটি চলন্ত গাড়ি তাঁদের পেছনে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতদের সুনির্দিষ্ট নাম-পরিচয় শনাক্ত করতে আঙুলের ছাপ ও অন্যান্য তথ্য ব্যবহারের কাজ চলছে। ঘটনার সঙ্গে জড়িত ঘাতক গাড়িটি শনাক্ত করতে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে মহাসড়ক ও সংলগ্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
