সুনামগঞ্জ সীমান্তে ভারত থেকে ফেরার পথে মানবপাচারকারীসহ আটক ৭

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মানবপাচার চক্রের এক সদস্যসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশতলা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল এ অভিযান চালায়। সীমান্ত পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে চারজন মাদারীপুর, দুজন গোপালগঞ্জ এবং একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল অভিযান জোরদার করেছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ছয় বাংলাদেশি নাগরিক ও একজন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। আটক ছয় বাংলাদেশি নাগরিক দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে অবস্থান করে কাজ করছিলেন।

তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এ ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে দুষ্কৃতিকারীদের প্রবেশসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে।