মৌলভীবাজারের রাজনগরে ২০০৮ সালে সিএনজিচালিত আটোরিকশা ছিনতাইয়ের পর চালক মোছাব্বিরকে হত্যায় ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সামশাদ বেগম এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজার আসামিরা হলেন- তাজুল ইসলাম, নুর উদ্দিন, হরমুজ মিয়া, টিপু আহমেদ, বশির মিয়া ও খুরশেদ মিয়া। তাদের মধ্যে বশির ও খুরশেদ মিয়া পলাতক আছেন।
দীর্ঘদিন ধরে বিচারাধীন এ মামলার রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা এ হত্যা মামলায় আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলাটির রায় হয়েছে। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নিহত ব্যক্তির পরিবার ন্যায়বিচার পাওয়ার পথে এগিয়ে যাবে।