কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে সড়ক অবরোধ ও বড় ধরনের নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মাত্র দুই দিনের ব্যবধানে মহাসড়কের দুটি ভিন্ন স্থানে একই কায়দায় গাছ কেটে ফেলে এই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়। স্থানীয় কৃষকদের তৎপরতা এবং হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে সাধারণ মানুষ।

বুধবার ভোররাতে চৌদ্দগ্রাম উপজেলার লাটিমী এলাকার বাঁশতলা নামক স্থানে একটি বিশাল আকৃতির কড়ই গাছের প্রায় দুই-তৃতীয়াংশ কেটে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে যায় দুর্বৃত্তরা। যে কোনো মুহূর্তে গাছটি মহাসড়কে চলাচলরত যানবাহনের ওপর ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছিল। সকালে কৃষক তাহের আহমেদ মহাসড়কসংলগ্ন নিজের কৃষিজমিতে গিয়ে গাছটি কাটা অবস্থায় দেখতে পান।
তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে গাছটি অপসারণ করেন কর্মীরা। তবে এই অপসারণ কাজের সময় চট্টগ্রামমুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে, যা পরে স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার গভীর রাতেও একই মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা মাদ্রাসা রোড এলাকায় আরেকটি কড়ই গাছ কেটে সরাসরি সড়কের ওপর ফেলে রেখেছিল দুর্বৃত্তরা। সেবারও খবর পেয়ে রাতেই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক ও নাশকতামূলক পরিস্থিতি তৈরি করতেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই দুই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই মহাসড়কে একের পর এক এমন রহস্যজনক গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও চরম আতঙ্ক বিরাজ করছে।
ব্যস্ততম এই মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে অবিলম্বে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
