সুনামগঞ্জে রশি ছিঁড়ে ডুবলো বালুর নৌকা, ঘুমন্ত দুই শ্রমিক নিখোঁজ

সুনামগঞ্জে সুরমা নদীতে বালুবাহী একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নৌকায় থাকা অপর চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে তাদের মধ্যে দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে জেলার জামালগঞ্জ  উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শ্রমিক হলেন- জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৫) এবং একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৮)। 

স্থানীয়রা জানান, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন ‘তমা নৌপরিবহন’ নামের নৌকাটিতে ৭৫০ ঘনফুট বালু বোঝাই ছিলো। নৌকাটি সাচনা বাজার মাছঘাটের অদূরে সুরমা নদীর তীরে খুঁটির সঙ্গে নোঙর করে রাখা হয়েছিলো। রাতে নৌকাটিতে ছয়জন শ্রমিক অবস্থান করছিলেন। এর মধ্যে দুইজন নৌকার ভেতরের বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন এবং বাকি চারজন ছিলেন ওপরে বালুর স্তূপের ওপর।

গভীর রাতে সবার অগোচরে নৌকাটির ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে তীরের খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে গেলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর গভীরে তলিয়ে যায়। এ সময় বালুর ওপরে থাকা চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা মোবাশ্বির ও মারুফ পানির নিচে আটকা পড়ে নিখোঁজ হন।

দুর্ঘটনায় আহত মোস্তাকিম ও সুমন নামের দুই শ্রমিককে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাঁতরে তীরে ওঠা অপর দুই শ্রমিক আমিরুল ও অনু দাস সুস্থ আছেন।

জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু জানান, খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ দুই শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।