বাগেরহাটে সরকারি পিসি (আচার্য প্রফুল্লচন্দ্র) কলেজের ছাত্রাবাস থেকে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাট মডেল থানা পুলিশ ওই কলেজের ছাত্রাবাসের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহটি সিলিং ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।
ওই ছাত্রের নাম সুব্রত তরফদার (২৬)। তিনি পিসি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। সুব্রতর বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হাসাবুনিয়া কাটাখালী গ্রামে। বাবার নাম নির্মল তরফদার।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, সুব্রত কলেজের হিন্দু ছাত্রাবাসের ৪০৮ নম্বর কক্ষে থাকতেন। ওই কক্ষের অপর দুই শিক্ষার্থী দুইদিন আগে বাড়ি চলে গেছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই কক্ষের দরজা বন্ধ থাকায় অন্য শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করে তদন্ত চলছে।
আরও পড়ুন: কুমিল্লায় গাঁজায় ভরা প্রাইভেটকারসহ গ্রেপ্তার দুই
তিনি জানান, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/এসি