মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

২০২২-২৩ সেশনের সরকারি ও বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ১৩ ফেব্রুয়ারি অনলাইন আবেদন শুরু হবে। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ভর্তির আবেদন শুরু হবে। এ আবেদন ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এ ছাড়া ৬ ও ৭ মার্চ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (অনলাইন থেকে ডাউনলোড) সংগ্রহ করতে পারবেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৯ প্রাপ্ত শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। এবারও আসন সংখ্যা, ভর্তি প্রক্রিয়া আগের বছরের মতোই রয়েছে। এমবিবিএস ভর্তির জন্য ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

জানা গেছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি আসন রয়েছে। গত বছর ১ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা হয়, পরে ৫ এপ্রিল ফল প্রকাশ হয়। এর আগে, এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন মেডিকেলে ভর্তির জন্য আবেদন করেছিলেন, যা ছিল অতীতের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩ জন।


একাত্তর/এআর