শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি কমলো

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান গ্রীষ্মের ছুটি কমিয়ে ২৬ জুন থেকে স্কুল-মাদরাসা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ছুটি আগামী ২ জুলাই পর্যন্ত থাকার কথা ছিলো।

এদিকে শুক্রবারের পাশাপাশি শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান।

সাধারণত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জুন মাসে গ্রীষ্মকালীন ছুটি থাকে। এ বছর একই সময়ে ঈদুল আজহা পড়ায় দুটি ছুটি মিলিয়ে শিক্ষাপঞ্জি তৈরি করা হয়। সেই ছুটি শুরু হয় ১৩ জুন থেকে। ১৭ জুন ছিলো ঈদ। তারপর ২ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি থাকার কথা ছিলো।

আগামী ৩ জুলাই নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষান্মাসিক মূল্যায়ন শুরু হওয়ার সূচি রয়েছে।

বছরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা, বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সূচি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে স্কুল এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির তালিকা, বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সূচি জানানো হয়।